Money
গ্রামীণ বাণিজ্যের ঐতিহ্য টিকে আছে যে হাটে
কৃষিপণ্য, গবাদিপশু, বাঁশ-বেতের কুটিরশিল্প থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সমারোহ চাটমোহর বাজারে।
লেখক লেখা:17K বার পড়া
কৃষিপণ্য, গবাদিপশু, বাঁশ-বেতের কুটিরশিল্প থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সমারোহ চাটমোহর বাজারে।
চলনবিল অঞ্চল, এখন ভোরের বাতাসে মিলছে শীতের আগাম বার্তা। হিম হিম এক স্নিগ্ধ আমেজ। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে রোদের প্রখরতা। তাই রোদের তাপ এড়াতে অন্য সব গ্রামীণ হাটের মতোই পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশনসংলগ্ন হাটের (অমৃতকুণ্ডা) ক্রেতা-বিক্রেতারাও কাকডাকা ভোর থেকেই নির্দিষ্ট জায়গায় জড়ো হতে শুরু করেন।
ভোরবেলায় হাটের চৌহদ্দিতে পা রাখতেই কানে ভেসে আসে হাজারো মানুষের ব্যস্ত কোলাহল। বাতাসে তখন মিশে আছে তাজা শাকসবজি, সদ্য কাটা কাঁচা পাট আর মচমচে গরম জিলাপির মিষ্টি সুবাস। দূর থেকে ভেসে আসা ট্রেনের তীক্ষ্ণ হুইসেলের শব্দের সঙ্গে যেন রীতিমতো পাল্লা দিয়ে চলে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক আর দর–কষাকষি। সপ্তাহে কেবল এক দিন, প্রতি রোববার ৫০০ ব্যবসায়ীর অস্থায়ী দোকান বসে মুখর আর প্রাণবন্ত হয়ে ওঠে বৃহত্তর চলনবিল অঞ্চলের অন্যতম বৃহৎ গ্রামীণ ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র—চাটমোহরের রেলবাজার হাট (অমৃতকুণ্ডা)। এই হাটে বার্ষিক ইজারা থেকে আয় প্রায় দেড় কোটি টাকা।



