স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর মেধাসম্পদ অধিকার (আইপিআর) সুরক্ষায় বাংলাদেশ নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশেষ করে ওষুধ, তথ্যপ্রযুক্তি, কৃষি এবং শিল্প খাতে নানা বাধ্যবাধকতা ব্যবসায়ের খরচ, পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় মেধাস্বত্ব সুরক্ষায় কার্যকর আইনি প্রয়োগ এবং যথাযথ নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো চান ব্যবসায়ীরা।
আজ সোমবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ।