দেশে-বিদেশে ভ্রমণে নানা সুযোগ ও অফার নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী এশিয়ান পর্যটন মেলা (এটিএফ)। মেলায় হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো ভ্রমণ ও আবাসনে নানা ধরনের ছাড় ও প্যাকেজ ঘোষণা করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গতকাল বৃহস্পতিবার মেলাটির উদ্বোধন করেন। আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। পর্যটনবিষয়ক ম্যাগাজিন পর্যটন বিচিত্রা মেলাটির আয়োজন করেছে। এতে নেপাল দূতাবাসসহ থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভুটানের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।