১৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী লিম্ফোমা সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়। আমাদের শরীরে রোগ প্রতিরোধব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লিম্ফ্যাটিক সিস্টেম। এর মধ্যে আছে লিম্ফ নোড, লিম্ফোসাইট, প্লীহা (স্প্লিন), অস্থিমজ্জা ও অন্যান্য লিম্ফয়েড টিস্যু। এ ব্যবস্থার কোষ, বিশেষ করে লিম্ফোসাইট, অস্বাভাবিকভাবে বেড়ে গেলে লিম্ফোমা হতে পারে। তাই লিম্ফোমা নিয়ে সচেতন থাকা জরুরি।
শরীরে হঠাৎ কোনো গ্ল্যান্ড বা লিম্ফ নোড ফুলে উঠলে মনে প্রশ্ন জাগে, ‘ক্যানসার নয় তো?’ আবার কেউ বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেন না। অথচ এ দুটোই বিপজ্জনক হতে পারে। গ্ল্যান্ড ফুলে যাওয়ার অনেক সাধারণ কারণ আছে, আবার কখনো কখনো সেটি লিম্ফোমার মতো জটিল রোগের প্রথম লক্ষণও হতে পারে।