Lifestyle
যেখান থেকে ল্যাংট্যাং ট্রেক শুরু করেছিলাম, সেই সাব্রুবেসির ৫৫৯টি ভবনের ৪৩৩টিই ধ্বংস হয়ে গেছে
মার্চের শেষে নেপালে ল্যাংট্যাং ট্রেকে গিয়েছিলাম। কথা ছিল ওই ট্রেকের সবচেয়ে সুন্দর জায়গা, আনন্দের অভিজ্ঞতা আর রোমাঞ্চকর ঘটনা নিয়ে লিখব। কিছুটা লেখার পর দেখি, অভিযানের চেয়ে পাহাড়ি নদীর রূপ ও চঞ্চলতা নিয়েই লেখা হয়েছে বেশি।
লেখক ইফতেখারুল ইসলাম26K বার পড়া

মার্চের শেষে নেপালে ল্যাংট্যাং ট্রেকে গিয়েছিলাম। কথা ছিল ওই ট্রেকের সবচেয়ে সুন্দর জায়গা, আনন্দের অভিজ্ঞতা আর রোমাঞ্চকর ঘটনা নিয়ে লিখব। কিছুটা লেখার পর দেখি, অভিযানের চেয়ে পাহাড়ি নদীর রূপ ও চঞ্চলতা নিয়েই লেখা হয়েছে বেশি। তখন লেখাটা ওখানেই থামিয়ে রেখে অন্য কিছু লেখালেখির কাজ শেষ করি। তারপর একটা দীর্ঘ ভ্রমণে চলে যাই আমেরিকা ও কানাডায়।
সেখানে বসেই নেপালের দুর্যোগের খবরটা পাই। খবরের সঙ্গে অথবা অন্যান্য মাধ্যমে যেসব ভিডিও ক্লিপ দেখি, তার পটভূমি, পর্বত, নদী ও তীরের জনপদ আমার মনে হয় চেনা। কিছু ভিডিওতে যা দেখি তা আগে কোনো দিন দেখা হয়নি। মনে হয় কৃত্রিম ও অবিশ্বাস্য। রাতে ঘুমাতে পারি না। ঘুমের মধ্যে ত্রিশূলী বা ল্যাংট্যাং নদীর গর্জন শুনে জেগে উঠি।



