২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি গ্রাহককে সেবা দিয়েছে বাংলাবিন। ব্যবহার শেষ মানেই ফেলনা নয়—এই স্লোগান সামনে রেখে ঢাকার বাসাবাড়ি, অফিস কিংবা ফ্যাক্টরি থেকে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য সংগ্রহ করছে এই প্রতিষ্ঠান।
পুরোনো বই-খাতা, প্লাস্টিকের বোতল, অচল মোবাইল বা অকেজো ইলেকট্রনিক পণ্য–ঘরের কোণে জমে থাকা অব্যবহৃত ফেলনা জিনিসপত্র থেকেও আয়ের পথ খুলে দিয়েছে ‘বাংলাবিন’।
নগরবাসীর কাছ থেকে এ ধরনের পণ্য কিনে রিসাইকেল (পুনর্ব্যবহার) করে বাংলাবিন নিজেরাই কিছু পণ্য উৎপাদন করে। আর বড় অংশটি কাঁচামাল হিসেবে পৌঁছে দেয় আকিজ গ্রুপ ও আরএফএলের মতো শিল্পপ্রতিষ্ঠানে।