শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান ও পড়ার দক্ষতা মূল্যায়নে এশিয়ার দেশগুলো এগিয়ে রয়েছে। আন্তর্জাতিক এক মূল্যায়নে সবচেয়ে ভালো করেছে সিঙ্গাপুর। দেশটির পর রয়েছে চীন, জাপান ও তাইওয়ান। শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় এশিয়ার শক্ত অবস্থানও দেখা গেছে। পিসা (পিআইএসএ) এই মূল্যায়ন করেছে। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের একই ধরনের মানদণ্ডে মূল্যায়ন করার কারণে পিআইএসএকে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ তুলনামূলক মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।
পিআইএসএ হলো অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) পরিচালিত একটি আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন কর্মসূচি। এতে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে তাদের অর্জিত জ্ঞান কতটা কার্যকরভাবে প্রয়োগ করতে পারে, তা যাচাই করা হয়। প্রতি তিন বছর পরপর ৮০টির বেশি দেশ ও অর্থনীতিতে পিআইএসএ মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এতে প্রধানত গণিত, বিজ্ঞান ও পড়ার দক্ষতা যাচাই করা হয়। পিআইএসএ শুধু পাঠ্যবইয়ের বিষয়বস্তু মুখস্থ করার সক্ষমতা নয়, বরং অর্জিত জ্ঞান বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ ও সমস্যা সমাধানের দক্ষতার ওপর গুরুত্ব দেয়।