অনলাইনে চোখে পড়ল একটি পোশাক। নিচে বড় করে লেখা’ ৫০ শতাংশ ছাড়’। দাম নাগালের মধ্যেই। খুব বেশি না ভেবেই পোশাকটি চলে গেল শপিং কার্টে। কিন্তু কেনার আগে হঠাৎ মনে পড়ল, আলমারিতে প্রায় একই রকম আরও পোশাক আছে। তবু মন বলছে, এটা না কিনলে যেন কিছু একটা বাদ পড়ে যাবে। বারবার কিনতে মন চাইলেও ঠিক এই জায়গাতেই কেউ কেউ নিজেকে থামানোর সিদ্ধান্ত নেন, নিজেকে বলেন ‘যা প্রয়োজন নয়, আপাতত তা কেনা যাবে না’। নির্দিষ্ট সময়ের জন্য এমন সিদ্ধান্ত নেওয়াই ‘নো-বাই চ্যালেঞ্জ’।
নতুন একটি পোশাক, আরেকটি লিপস্টিক, ছাড়ে পাওয়া জুতা, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা কোনো ‘ভাইরাল’ পণ্য কেনার কারণের যেন শেষ নেই। অনেক সময় প্রয়োজনের চেয়ে নতুন কিছু পাওয়ার ইচ্ছাটাই এসব জিনিস কেনার বড় কারণ হয়ে ওঠে।