গরম গরম জিলাপি দেখলে জিবে জল আসে; কিন্তু একটি কথা প্রায়ই শুনছি, ‘জিলাপি হাইড্রোজ দিয়ে বানানো হয়, এটা খুব ক্ষতিকর।’ আদতে এই হাইড্রোজ কী? সত্যিই কি বিপজ্জনক?
‘হাইড্রোজ’ কোনো নির্দিষ্ট বিষাক্ত রাসায়নিক নয়; এটি আদতে প্রচলিত একটি নাম। হাইড্রোজেনেটেড ভেজিটেবল ফ্যাট, বনস্পতি বা শর্টেনিং বোঝাতে ‘হাইড্রোজ’ শব্দটি ব্যবহৃত হয়।
তরল উদ্ভিজ্জ তেলের সঙ্গে শিল্পপ্রক্রিয়ায় হাইড্রোজেন যোগ করলে তেলকে অপেক্ষাকৃত শক্ত বা আধা শক্ত চর্বিতে রূপান্তর করা যায়। এই প্রক্রিয়াকে বলা হয় হাইড্রোজেনেশন।
আংশিক হাইড্রোজেনেশনের ফলে তৈরি হতে পারে ট্রান্স ফ্যাট; আর সম্ভবত এই হাইড্রোজেনেশন থেকেই প্রচলন হয়েছে ‘হাইড্রোজ’ শব্দটি।