সোনার দাম বাড়ুক বা কমুক, গয়না কেনার সময় একটা প্রশ্ন অনেকের মনেই আসে। ২২ ক্যারেটের গয়না কিনবেন, নাকি ১৮ ক্যারেটের? কেউ বলেন, ২২ ক্যারেটের সোনাই ভালো। আবার কারও পছন্দ ১৮ ক্যারেটের গয়না, বিশেষ করে আধুনিক নকশা বা পাথর বসানো অলংকারের ক্ষেত্রে। আদতে দুই ধরনের সোনার মধ্যে পার্থক্য কী? কোনটি বেশি টেকসই, আর কোনটি কেনা আপনার জন্য সুবিধাজনক?
সোনার বিশুদ্ধতা বোঝাতে ক্যারেট ব্যবহার করা হয়। ২৪ ক্যারেটের সোনা প্রায় সম্পূর্ণ বিশুদ্ধ। তবে খাঁটি সোনা তুলনামূলক নরম হওয়ায় গয়না তৈরির সময় এর সঙ্গে তামা, রুপাসহ অন্য ধাতু মেশানো হয়। এতে গয়না প্রয়োজনীয় দৃঢ়তা পায়।