৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের
হলিউডে পরিচিত মুখ অ্যাশটন কুচার। ‘দ্যাট সেভেন্টিজ শো’, ‘টু অ্যান্ড আ হাফ মেন’ কিংবা ‘নো স্ট্রিংস অ্যাটাচড’—বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু অভিনয়ের বাইরেও তাঁর আরেকটি পরিচয় আছে, যেটি ন
লেখক বিনোদন ডেস্ক··148K বার পড়া
৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের
হলিউডে পরিচিত মুখ অ্যাশটন কুচার। ‘দ্যাট সেভেন্টিজ শো’, ‘টু অ্যান্ড আ হাফ মেন’ কিংবা ‘নো স্ট্রিংস অ্যাটাচড’—বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু অভিনয়ের বাইরেও তাঁর আরেকটি পরিচয় আছে, যেটি নিয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হচ্ছে। তিনি একজন প্রযুক্তি বিনিয়োগকারী।
সেই পরিচয়ই এবার অ্যাশটন কুচারকে সম্ভাব্য ধনকুবেরদের কাতারে নিয়ে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতাপ্রতিষ্ঠান অ্যানথ্রপিকে তাঁর সহপ্রতিষ্ঠিত বিনিয়োগ প্রতিষ্ঠান সাউন্ড ভেঞ্চারসের বিনিয়োগের মূল্য এখন প্রায় সাত বিলিয়ন ডলার হতে পারে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটিতে কয়েক ধাপে বিনিয়োগ করা হয়েছিল মোট ৪৩৫ মিলিয়ন ডলার। বিনিয়োগের মূল্য প্রায় ১৬ গুণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের নাসডাকে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেকের পর এই আলোচনা আরও জোরালো হয়েছে। শেয়ারপ্রতি ৮৩ ডলার প্রাথমিক মূল্য নির্ধারণ করা হলেও লেনদেন শুরুর পর দাম উঠে যায় ১১১ দশমিক ৫০ ডলারে। পরে দর কিছুটা কমলেও প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ দশমিক ৫ থেকে ২ ট্রিলিয়ন ডলারের মধ্যে। এর ফলে প্রাথমিক বিনিয়োগকারীদের সম্পদের হিসাবেও বড় পরিবর্তন এসেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের হিসাবের বরাত দিয়ে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকে সাউন্ড ভেঞ্চারসের মালিকানা প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। প্রাথমিক শেয়ারমূল্য ও সম্ভাব্য বাজারমূল্যের ভিত্তিতে এই অংশের মূল্য প্রায় সাত বিলিয়ন ডলার বা ৮৭ হাজার কোটি টাকা হতে পারে।
অভিনয় থেকে বিনিয়োগের জগতে ১৯৭৮ সালের ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে জন্ম অ্যাশটন কুচারের। অভিনয়জীবনের শুরু মডেলিং দিয়ে। পরে টেলিভিশন সিরিজ ‘দ্যাট সেভেন্টিজ শো’ তাঁকে পরিচিতি এনে দেয়। এরপর ‘দ্য বাটারফ্লাই ইফেক্ট’, ‘জবস’, ‘নো স্ট্রিংস অ্যাটাচড’সহ নানা সিনেমায় অভিনয় করেছেন।
কিন্তু ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে অ্যাশটন বুঝতে শুরু করেন, শুধু অভিনয় নয়, প্রযুক্তি ও ব্যবসার জগতেও ভবিষ্যৎ গড়ার সুযোগ আছে। সিলিকন ভ্যালির উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকেন। নতুন প্রযুক্তি, ব্যবসার সম্ভাবনা এবং তরুণ উদ্যোক্তাদের ধারণা নিয়ে আগ্রহী হয়ে ওঠেন।
২০১০ সালে সংগীত ব্যবস্থাপক গাই ওসারির সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন এ–গ্রেড ইনভেস্টমেন্টস। তাঁদের সঙ্গে ছিলেন বিনিয়োগকারী রন বার্কল। এই প্রতিষ্ঠান থেকেই প্রযুক্তির জগতে তাঁর বড় ধরনের যাত্রা শুরু।
এ–গ্রেডের বিনিয়োগ তালিকায় ছিল উবার, এয়ারবিএনবি ও স্পটিফাইয়ের মতো প্রতিষ্ঠান। এসব কোম্পানি যখন আজকের মতো পরিচিত হয়ে ওঠেনি, তখনই সেগুলোর সম্ভাবনা বুঝে বিনিয়োগ করেছিলেন তাঁরা। ২০১৫ সালে কুচার ও ওসারি প্রতিষ্ঠা করেন সাউন্ড ভেঞ্চারস। এরপর প্রতিষ্ঠানটি ডুয়োলিঙ্গো, গিটল্যাব, এয়ারটেবল, অ্যাফার্ম ও রিসার্চগেটের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানে বিনিয়োগ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিষ্ঠান ওপেনএআই ও হাগিং ফেসেও বিনিয়োগ রয়েছে তাদের।
ফলে কুচারকে শুধু তারকা হিসেবে বিনিয়োগ করতে আসা একজন ব্যক্তি বললে ভুল হবে। দীর্ঘদিন ধরেই প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করেছেন তিনি।
অ্যানথ্রপিকে বিনিয়োগের পেছনের গল্প অ্যানথ্রপিকের সঙ্গে কুচারের সম্পর্কের শুরু ২০২৩ সালে। তখন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় ওপেনএআই বেশ পরিচিত নাম। চ্যাটজিপিটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে অ্যানথ্রপিক তখনো তুলনামূলক নতুন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০২১ সালে ওপেনএআইয়ের সাবেক কয়েকজন কর্মী প্রতিষ্ঠা করেন। তাঁদের মধ্যে রয়েছেন ভাইবোন ডারিও আমোডেই ও ড্যানিয়েলা আমোডেই। ডারিও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। তাঁদের লক্ষ্য ছিল এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা, যা একই সঙ্গে শক্তিশালী, নির্ভরযোগ্য ও নিরাপদ। ২০২৩ সালের মে মাসে অ্যানথ্রপিক ৪৫০ মিলিয়ন ডলারের সিরিজ সি বিনিয়োগ সংগ্রহ করে। এই বিনিয়োগে অংশ নেয় গুগল, সেলসফোর্স ভেঞ্চারস, সাউন্ড ভেঞ্চারসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সেই সময় থেকেই কুচার ও তাঁর সহযোগীরা অ্যানথ্রপিকের সম্ভাবনা নিয়ে আগ্রহী হয়ে ওঠেন।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোডেইয়ের সঙ্গে কুচার ও গাই ওসারির পরিচয় হয় ২০২৩ সালে। বেভারলি হিলসে ওসারির বাড়িতে তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। আলোচনার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, প্রযুক্তির প্রতিযোগিতা ও এআই নিরাপত্তা।
সেই আলোচনা থেকেই অ্যানথ্রপিকে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় সাউন্ড ভেঞ্চারস। প্রথম দফায় প্রতিষ্ঠানটি ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল বলে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে ফরচুন। পরবর্তী সময়ে বিভিন্ন বিনিয়োগ পর্বে অর্থের পরিমাণ বাড়ে। সব মিলিয়ে বিনিয়োগ দাঁড়ায় প্রায় ৪৩৫ মিলিয়ন ডলারে।
ওপেনএআইয়েও বিনিয়োগ, আবার প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকেও! কুচার শুধু অ্যানথ্রপিকেই বিনিয়োগ করেননি। তাঁর প্রতিষ্ঠান সাউন্ড ভেঞ্চারস ওপেনএআইয়েও বিনিয়োগ করেছে।
অর্থাৎ একই খাতের দুই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের ভবিষ্যতের ওপরই বাজি ধরেছিলেন কুচার। একদিকে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই, অন্যদিকে ক্লডের নির্মাতা অ্যানথ্রপিক।
ব্লুমবার্গের তথ্যের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওপেনএআইয়েও সাউন্ড ভেঞ্চারসের বিনিয়োগের পরিমাণ ৪০০ মিলিয়ন ডলারের বেশি। অ্যানথ্রপিকের ক্ষেত্রে এই বিনিয়োগের অঙ্ক ৪৩৫ মিলিয়ন ডলার।
প্রযুক্তি–দুনিয়ায় এ ধরনের বিনিয়োগের কৌশল গুরুত্বপূর্ণ। কোনো একটি প্রতিষ্ঠানের সাফল্যের ওপর নির্ভর না করে একই প্রযুক্তি খাতের একাধিক সম্ভাবনাময় প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করলে ঝুঁকি ভাগ করে নেওয়া যায়। কুচারের বিনিয়োগের ক্ষেত্রেও সেই কৌশল দেখা যায়।
স্ত্রীর আপত্তি, তবু বিনিয়োগে থামেননি কুচারের এই ব্যবসায়িক আগ্রহ নিয়ে তাঁর স্ত্রী অভিনেত্রী মিলা কুনিসেরও মজার মন্তব্য রয়েছে। একবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’–এ কুনিস মজা করে বলেছিলেন, প্রযুক্তিপ্রতিষ্ঠানে কুচারের বিনিয়োগের সিদ্ধান্ত তাঁর স্বামীর সবচেয়ে খারাপ ধারণাগুলোর একটি। তবে কুচার যে নিজের সিদ্ধান্তে আস্থা রেখেছিলেন, অ্যানথ্রপিকের বর্তমান মূল্যায়ন তারই বড় উদাহরণ হয়ে উঠেছে। অবশ্য সব বিনিয়োগ যে সফল হয়েছে, তা নয়। ব্যবসায়ে ঝুঁকি আছে, ব্যর্থতাও আছে। কুচারের নিজের বক্তব্যেও সেই অভিজ্ঞতার প্রতিফলন পাওয়া যায়।
‘যাঁরা বিশ্বাস করেননি, তাঁদেরও ধন্যবাদ’ অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কুচার। তাঁর বক্তব্যে শুধু সাফল্যের উচ্ছ্বাস নয়, বিনিয়োগের দীর্ঘ যাত্রার কথাও উঠে এসেছে।
কুচার লিখেছেন, মানুষ সাধারণত একটি সফল বিনিয়োগের দিকে তাকায়। কিন্তু সেই একটি সাফল্যের পেছনে থাকে বছরের পর বছর কাজ, ছোট ছোট অর্জন এবং অসংখ্য ব্যর্থতা।
কুচারের ভাষায়, এই সাফল্য মূলত বিশ্বাসের প্রতিফলন। যাঁরা সাউন্ড ভেঞ্চারসের চিন্তাভাবনা, বিনিয়োগের দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনায় আস্থা রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোডেই ও তাঁর দলকেও অভিনন্দন জানিয়েছেন কুচার। পাশাপাশি সাউন্ড ভেঞ্চারসের বিনিয়োগকারী, সহকর্মী ও অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন।
সাফল্যের সময়েই প্রতিষ্ঠান ছাড়লেন কুচার কুচারের গল্পে আরেকটি উল্লেখযোগ্য বিষয় আছে। যে প্রতিষ্ঠান অ্যানথ্রপিকে বিনিয়োগ করে এখন বিপুল সম্পদের মালিক, সেই সাউন্ড ভেঞ্চারসের সক্রিয় অংশীদার হিসেবে তিনি আর দায়িত্ব পালন করছেন না। ২০২৬ সালের জুলাইয়ে সাউন্ড ভেঞ্চারস থেকে সরে গিয়ে প্রযুক্তি বিনিয়োগকারী মরগান বেলারের সঙ্গে নতুন বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেন কুচার। নতুন প্রতিষ্ঠানটির আগ্রহের জায়গা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো, জ্বালানি ও গভীর প্রযুক্তি। তবে সাউন্ড ভেঞ্চারসের উপদেষ্টা হিসেবে যুক্ত থাকবেন তিনি।