গিরগিটি সিনেমায় অভিনয় করছেন তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। ঢাকা ড্রিম সিনেমায় দেখা গেছে তাঁকে। চলচ্চিত্রের বাইরে টিভি নাটকের নিয়মিত মুখ তিনি।
ছোটবেলায় নিয়মিত পত্রিকা পড়তেন তাঁর দাদা। বাড়িতে প্রতিদিন আসত দু-তিনটি পত্রিকা। সেসব পত্রিকার বিনোদন পাতায় বড় বড় অভিনয়শিল্পীর ছবি দেখতেন তিনি। ছবিগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবতেন, একদিন যদি তাঁকেও এভাবে দেখা যেত! তখনো অভিনয়ের জগতে পা রাখেননি। গান শিখতেন, আর মনে মনে লালন করতেন পত্রিকার পাতায় নিজের ছবি দেখার স্বপ্ন। সেই স্বপ্নই একসময় তাঁকে নিয়ে এসেছে অভিনয়ে।
অভিনয়ে আসার পেছনে ছোটবেলার সেই স্মৃতিই সবচেয়ে বেশি মনে পড়ে পূর্ণিমা বৃষ্টির। দাদার পত্রিকা পড়ার অভ্যাসের কারণে বিনোদন পাতার সঙ্গে পরিচয় তাঁর। সেখানে অভিনয়শিল্পীদের ছবি ও পরিচিতি তাঁকে আকৃষ্ট করত।