বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এবার একটি নতুন ই-মেইলে মুম্বাইয়ে তাঁর বাড়ি ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিশানা করার কথা বলা হয়েছে মুম্বাইয়ের বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) সদর দপ্তরকেও। এই ই-মেইল সামনে আসার পর সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে এ হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এতে বিএমসির সদর দপ্তর এবং অমিতাভ বচ্চনের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অমিতাভের বাড়ি ছাড়াও ই-মেইলে আরও কয়েকটি জায়গার উল্লেখ রয়েছে। মেয়রের দপ্তরে পাঠানো ই–মেলটিতে দাবি করা হয়, মহালক্ষ্মী রেসকোর্স, সায়ন ও আচার্য মেট্রোস্টেশনেও বোমা পেতে রাখা হয়েছে।