সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা
ডিজনি চ্যানেলের মিষ্টি কিশোরী থেকে বিশ্বসংগীতের অন্যতম আলোচিত পপ তারকা মাইলি সাইরাসের জীবন যেন একের পর এক রূপান্তরের গল্প। কখনো ‘হান্না মন্টানা’ চরিত্রে কিশোরীদের স্বপ্নের রাজকন্যা, কখনো মঞ্চে সাহসী পোশাক ও খোলামেলা আচরণ
লেখক বিনোদন ডেস্ক··142K বার পড়া
সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা
ডিজনি চ্যানেলের মিষ্টি কিশোরী থেকে বিশ্বসংগীতের অন্যতম আলোচিত পপ তারকা মাইলি সাইরাসের জীবন যেন একের পর এক রূপান্তরের গল্প। কখনো ‘হান্না মন্টানা’ চরিত্রে কিশোরীদের স্বপ্নের রাজকন্যা, কখনো মঞ্চে সাহসী পোশাক ও খোলামেলা আচরণে বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মাদক নিয়ে আলোচনা, পারিবারিক টানাপোড়েন—কোনো কিছুই তাঁর জীবনকে আলোচনার বাইরে থাকতে দেয়নি। আজ ২৩ নভেম্বর মাইলি সাইরাসের জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেওয়া এই গায়িকার বয়স ৩৪ বছর। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন শুধু পপ তারকা নন, নিজের সংগীত ও ব্যক্তিত্বের স্বতন্ত্র পরিচয় তৈরি করা এক শিল্পী।
হান্না মন্টানা থেকে বিশ্বখ্যাত পপ তারকা মাইলির বাবা বিলি রে সাইরাস কান্ট্রি সংগীতের পরিচিত মুখ। সংগীতের আবহেই বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। ২০০৩ সালে টিম বার্টনের ‘বিগ ফিশ’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় তাঁর অভিষেক।
তবে মাইলির জীবনের মোড় ঘুরে যায় ডিজনি চ্যানেলের সিরিজ ‘হান্না মন্টানা’র মাধ্যমে। ২০০৬ সালে প্রচার শুরু হওয়া সিরিজটিতে তিনি অভিনয় করেন মাইলি স্টুয়ার্ট চরিত্রে। গল্পে সাধারণ এক কিশোরী গোপনে জনপ্রিয় পপ তারকা হান্না মন্টানা—এই দ্বৈত পরিচয়ের গল্প দারুণ জনপ্রিয়তা পায়।
সিরিজটির সাফল্যে রাতারাতি কিশোরীদের প্রিয় তারকা হয়ে ওঠেন মাইলি। টেলিভিশনের পাশাপাশি গানেও জনপ্রিয়তা বাড়তে থাকে। ২০০৮ সালে প্রকাশিত তাঁর অ্যালবাম ‘ব্রেকআউট’ একক সংগীতশিল্পী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করে। এরপর ‘পার্টি ইন দ্য ইউএসএ’, ‘দ্য ক্লাইম্ব’, ‘উই কান্ট স্টপ’ও ‘রেকিং বল’-এর মতো গান তাঁকে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিত করে তোলে।
বিতর্কিত রূপান্তর, সমালোচনার কেন্দ্রে ডিজনির পরিচ্ছন্ন কিশোরী তারকার ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন মাইলি। কিন্তু সেই পরিবর্তন সহজ ছিল না। ২০১৩ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে রবিন থিকের সঙ্গে তাঁর বিতর্কিত পরিবেশনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। মঞ্চে তাঁর নাচ, পোশাক ও অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
একই বছর প্রকাশিত হয় অ্যালবাম ‘ব্যাঙ্গার্জ’। অ্যালবামের ‘উই কান্ট স্টপ’ ও ‘রেকিং বল’ তাঁকে নতুন করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। বিশেষ করে ‘রেকিং বল’ গানের মিউজিক ভিডিওতে প্রায় নগ্ন অবস্থায় ধ্বংসস্তূপের ওপর ঝুলে থাকা বলের ওপর দোল খাওয়ার দৃশ্য ব্যাপক আলোচিত হয়। কেউ একে সাহসী শিল্পীসত্তার প্রকাশ বলেছেন, কেউ দেখেছেন সস্তা প্রচারণা হিসেবে।
এর আগেও বিতর্কে জড়িয়েছেন মাইলি। ২০০৮ সালে ভ্যানিটি ফেয়ারের জন্য তোলা তাঁর একটি ছবিতে শরীরের ওপর কাপড়ের আবরণ নিয়ে বিতর্ক তৈরি হয়। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। পরে ওই ছবি নিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন তিনি। ২০১০ সালে গাঁজা সেবনের একটি ভিডিও প্রকাশিত হলেও সেটি নিয়েও ব্যাপক আলোচনা হয়।
মাদক ও অ্যালকোহল নিয়ে খোলামেলা স্বীকারোক্তি তারকাখ্যাতির চাপ, ব্যক্তিগত জীবনের অস্থিরতা এবং নিজের পরিচয় খোঁজার লড়াই—সব মিলিয়ে একটা সময় নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন মাইলি। মাদক ও অ্যালকোহলের সঙ্গে তাঁর পরিচয়ের বিষয়টি তিনি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেছেন।
কোভিড মহামারির সময়, ২০২০ সালে, তিনি মাদক ও অ্যালকোহল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছেন, জীবনের একটা পর্যায়ে তিনি সব সময় উত্তেজনা ও উচ্ছ্বাসের মধ্যে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। স্বাভাবিক জীবনে ফিরে আসার অভ্যাস তাঁর তৈরি হয়নি। তবে এখন সুস্থ ও মাদকমুক্ত জীবনযাপনের অভিজ্ঞতা তাঁকে নিজের অতীতকে সহানুভূতির সঙ্গে দেখতে শিখিয়েছে।
মাইলি আরও জানিয়েছেন, নিজের উদ্বেগ ও মঞ্চভীতির সঙ্গে লড়তে প্রচলিত থেরাপির পাশাপাশি ইএমডিআর নামের একধরনের মনোচিকিৎসা নিয়েছেন। এই অভিজ্ঞতা তাঁর জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তবে তাঁর অতীতের অভিজ্ঞতাকে চিকিৎসাগতভাবে মাদকাসক্তি হিসেবে চিহ্নিত করার তথ্য নেই।
লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে প্রেম, বিয়ে ও বিচ্ছেদ মাইলির ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে তাঁর সম্পর্ক। ২০০৯ সালে ‘দ্য লাস্ট সং’ ছবিতে অভিনয় করতে গিয়ে দুজনের পরিচয়। পর্দার প্রেম একসময় বাস্তবেও গড়ায়। প্রায় এক দশক ধরে মাইলি ও লিয়ামের সম্পর্ক ভাঙা-গড়ার মধ্য দিয়ে চলেছে। ২০১২ সালে বাগ্দান হলেও পরের বছর তাঁদের বিচ্ছেদ হয়। পরে আবার কাছাকাছি আসেন দুজন। ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের টেনেসিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা।
কিন্তু সেই সংসার টেকেনি। বিয়ের আট মাসের মাথায়, ২০১৯ সালের আগস্টে বিচ্ছেদের ঘোষণা দেন মাইলি ও লিয়াম। ২০২০ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে
বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। মাইলি পরে জানিয়েছেন, ২০১৯ সালে যুক্তরাজ্যের গ্লাস্টনবেরি উৎসবে গান গাওয়ার ঠিক আগমুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন, এই সম্পর্ক আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাঁদের বিয়ের পেছনে ভালোবাসার পাশাপাশি অতীতের মানসিক আঘাত ও দ্রুত সবকিছু ঠিক করে ফেলার চেষ্টাও কাজ করেছিল বলে মনে করেন তিনি।
নতুন প্রেম, নতুন সংসার লিয়ামের সঙ্গে বিচ্ছেদের পর মাইলির জীবনে আসেন সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডো। ২০২১ সালে তাঁদের পরিচয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ম্যাক্স রক ব্যান্ড লিলির ড্রামার। মাইলির সংগীতের কাজেও যুক্ত ছিলেন তিনি। ২০২৫ সালের শেষ দিকে জাপানে তাঁদের বাগ্দান হয়। এরপর ২১ নভেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের অভিনন্দনে ভাসছেন এই দম্পতি। মাইলির বিয়ের পোশাক ছিল সেন্ট লরাঁর নকশা করা সিল্কের গাউন। অর্থাৎ ৩৪তম জন্মদিনের ঠিক আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই গায়িকা।
‘ফ্লাওয়ার্স’ দিয়ে নতুন করে জয় ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের পর ২০২৩ সালে ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ অ্যালবামের ‘ফ্লাওয়ার্স’ গান দিয়ে নতুন করে আলোচনায় আসেন মাইলি। গানটি বিচ্ছেদ, আত্মনির্ভরতা ও নিজের প্রতি ভালোবাসার বার্তা নিয়ে তৈরি। অনেক শ্রোতা গানটিকে লিয়ামের সঙ্গে তাঁর সম্পর্কের প্রতিচ্ছবি হিসেবে দেখেছেন। বিশেষ করে গানের কথা ও মিউজিক ভিডিওর কিছু দৃশ্য নিয়ে নানা ব্যাখ্যা তৈরি হয়।
গানটি বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পায়। ২০২৪ সালে গ্র্যামিতে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ও ‘বেস্ট পপ সোলো পারফরম্যান্স’—দুটি পুরস্কার জেতেন মাইলি। এটি ছিল তাঁর প্রথম গ্র্যামি জয়। পরের বছর বিয়ন্সের সঙ্গে ‘টু মোস্ট ওয়ান্টেড’ গানের জন্য আরও একটি গ্র্যামি পান। সব মিলিয়ে তাঁর গ্র্যামি পুরস্কারের সংখ্যা এখন তিন। ২০২৫ সালে প্রকাশিত হয়েছে তাঁর নবম স্টুডিও অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’।
কত টাকার মালিক মাইলি? বিনোদনজগতে দীর্ঘদিনের অবস্থান মাইলিকে বিপুল সম্পদের মালিক করেছে। সেলিব্রিটি নেট ওয়ার্থের ২০২৬ সালের হিসাব অনুযায়ী, তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১৬ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রায় ১ হাজার ৯৫২ কোটি টাকা। এই সম্পদের বড় অংশ এসেছে গান, অ্যালবাম বিক্রি, স্ট্রিমিং, কনসার্ট, অভিনয় ও বিজ্ঞাপন থেকে। ‘হান্না মন্টানা’ সিরিজের মাধ্যমে তাঁর ক্যারিয়ারের শুরু হলেও পরে নিজের সংগীত দিয়েই তৈরি করেছেন আলাদা বাণিজ্যিক অবস্থান।
বাড়ি কেনাবেচাতেও লাভ করেছেন মাইলি। ২০১৭ সালে টেনেসির ফ্র্যাঙ্কলিনে ৫৮ লাখ ডলারে একটি খামারবাড়ি কিনেছিলেন। ২০২২ সালে সেটি বিক্রি করেন ১ কোটি ৪৫ লাখ ডলারে।