বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রথম নির্বাচিত প্রতিনিধি, চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া—এরপর হঠাৎ করেই পর্দার আড়ালে চলে যাওয়া। ২০ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনের কোথাও নেই। সাথী বিলকিস ইয়াসমীন এখন ব্যস্ত করপোরেট জগতে। প্রায় তিন দশক আগের সেই যাত্রা, চলচ্চিত্রে আসা-যাওয়া এবং বর্তমান জীবন নিয়ে সম্প্রতি প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। সাথীর খোঁজখবর নিলেন মনজুর কাদের
১৯৯৪ সাল। ঢাকার গুলশানের বাসায় বসে টেলিভিশনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখছিলেন সাথী বিলকিস ইয়াসমীন। প্রতিযোগিতা দেখতে দেখতে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য মায়ের বকুনি শুনতে হয়েছিল তাঁকে। তখন মাকে মজা করে বলেছিলেন, ‘তুমি আমাকে টেলিভিশন দেখতে দিচ্ছ না, একদিন দেখবে, আমিই সেখানে যাচ্ছি।’ কথাটা ছিল অনেকটা খুনসুটি করে বলা। কিন্তু পরের বছরই সেই কথার বাস্তব রূপ দেখলেন তাঁর মা। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসেবে অংশ নেন সাথী।