ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি সংরক্ষণে ইসরায়েলের সামরিক বাহিনী মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করছে বলে খবর প্রকাশিত হয়েছে। অধিকারকর্মীদের মতে, এটি ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা, বিশেষ করে মার্কিন প্রযুক্তির গভীর সম্পৃক্ততার আরও একটি প্রমাণ।
আল–জাজিরার সঙ্গে কথা বলা মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের মতে, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাঁদের গতিবিধি অনুসরণ এবং হত্যার কাজে ইসরায়েল যেসব প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তার ওপর নির্ভর করে, সেগুলো সরবরাহের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর অনেকে জড়িত। এর মধ্যে গুগল, প্যালান্টির ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও রয়েছে।