ভারতের ককরোচ জনতা পার্টির সহ–আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি করা হয়েছে। সেই কারণেই তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে চড়তে দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দিল্লি হাইকোর্টে এই কথা জানানো হয়েছে।
লুক আউট সার্কুলার হলো কোনো ব্যক্তির বিদেশযাত্রা ঠেকানো অথবা তাঁর যাতায়াতের তথ্য নজরদারিতে রাখার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি সতর্কতামূলক নির্দেশ বা অনুরোধ।
সহজ ভাষায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা বা তদন্ত চললে এবং তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন—এমন আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা তাঁর নামে লুক আউট সার্কুলার জারির উদ্যোগ নিতে পারে।