টেনেসির আসনেও হারলেন রিপাবলিকানরা, কংগ্রেসের ইতিহাসে সর্বোচ্চ কত আসন পেয়েছিলেন ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রতিনিধি পরিষদের আসনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। এর মাধ্যমে প্রতিনিধি পরিষদে ২৫৯তম আসন নিশ্চিত করেছে ডেমোক্রেটিক পার্টি। এই আসন জয়ের মাধ্যমে তিন দশকের মধ্যে প্রতিনিধি পরিষদে সবচেয়ে
লেখক নিউইয়র্ক টাইমস··74K বার পড়া
টেনেসির আসনেও হারলেন রিপাবলিকানরা, কংগ্রেসের ইতিহাসে সর্বোচ্চ কত আসন পেয়েছিলেন ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রতিনিধি পরিষদের আসনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। এর মাধ্যমে প্রতিনিধি পরিষদে ২৫৯তম আসন নিশ্চিত করেছে ডেমোক্রেটিক পার্টি। এই আসন জয়ের মাধ্যমে তিন দশকের মধ্যে প্রতিনিধি পরিষদে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।
বার্তা সংস্থা এপির তথ্যমতে, ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রগতিশীল টেক সাপোর্ট কর্মী ভিক্টোরিয়া ব্রডেরিক হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রতিনিধি পরিষদ সদস্য রিপাবলিকান স্কট ডেসজার্লাইসকে হারিয়েছেন। এই নির্বাচনের অন্যতম বড় অঘটন বলা যায় এই আসনে ডেমোক্র্যাট প্রার্থীর জয়কে। কারণ, ভিক্টোরিয়া আট মেয়াদের এই রিপাবলিকান প্রতিনিধিকে এবার হারিয়ে দিয়েছেন।
টেনেসির চতুর্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ভিক্টোরিয়ার এই বিজয় ডেমোক্র্যাট প্রার্থীদের১৯৯০–এর দশকের শুরুর দিকের পর প্রতিনিধি পরিষদে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা দেবে। ওই সময় দলটির দখলে ২৬৭টি আসন ছিল। প্রতিনিধি পরিষদের ইতিহাসে ১৯৩৬ সালে ডেমোক্র্যাট প্রার্থীরা সর্বোচ্চ ৩৩৪টি আসন জিতেছিলেন। আর রিপাবলিকানরা ১৯২০ সালে সর্বোচ্চ ৩০২টি আসন জিতেছিলেন।
ফলাফল ঘোষণার পর গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া বলেন, ‘আপনি আমাকে ভোট দিয়েছেন কি না, তা বড় কথা নয়। আমি চাই, আপনারা জানুন, আমি আপনাদেরই প্রতিনিধি হব। আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা শোনার এবং সে অনুযায়ী কাজ করতে আমি মুখিয়ে আছি।’
গতকাল পর্যন্ত প্রতিনিধি পরিষদের আরও কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বাকি ছিল। এর মধ্যে মিনেসোটার ফার্স্ট ডিস্ট্রিক্ট রয়েছে। সেখানে ৩০ নভেম্বর ভোট পুনর্গণনা হবে। এ ছাড়া লুইজিয়ানার ফিফথ ও সিক্সথ ডিস্ট্রিক্ট রয়েছে। এই দুই আসনে ডিসেম্বরে রান–অফ (দ্বিতীয় দফা) নির্বাচন হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তিন আসনে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন। তবে এখন এই তিনটিতেই সামগ্রিকভাবে ডেমোক্র্যাট প্রার্থীরা সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়ার জয়কে সবচেয়ে চমকপ্রদ অঘটনগুলোর অন্যতম বলে উল্লেখ করা হচ্ছে। কারণ, অনেক নির্বাচনী বিশ্লেষক এই আসনের রিপাবলিকান প্রার্থীর জয় নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন। ২০২৪ সালে ট্রাম্প চতুর্থ ডিস্ট্রিক্টে ২৪ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই আসনকে ট্রাম্পের প্রতি সবচেয়ে বেশি সমর্থনপুষ্ট এলাকা হিসেবে মনে করা হয়। তা ছাড়া মাত্র দুই বছর আগেই ভিক্টোরিয়াকে ৪৩ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন রিপাবলিকান স্কট।
নির্বাচনী ব্যয়ের দিক থেকেও ভিক্টোরিয়া বিশাল ব্যবধানে পিছিয়ে ছিলেন। ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী স্কটের প্রচারে ব্যয় হয়েছে ৫ লাখ ৮ হাজার ডলার। বিপরীতে ভিক্টোরিয়ার খরচ হয়েছে মাত্র ৯০ হাজার ডলারের কিছু বেশি। তাঁর প্রচারে কোনো টেলিভিশন বিজ্ঞাপনের রেকর্ডও ছিল না।
নির্বাচনের দিনের পরের সপ্তাহে প্রকাশিত এক সাক্ষাৎকারে ভিক্টোরিয়া বলেছিলেন, ‘আমি কেবল অবিশ্বাস নিয়ে সেখানে বসে ছিলাম। এটি ছিল এক পরাবাস্তব অভিজ্ঞতা।’ সে সময় তিনি স্কট ডেসজার্লাইসের চেয়ে ৩০০–এর কম ভোটে এগিয়ে ছিলেন।
টেনেসির নতুন কংগ্রেশনাল প্রতিনিধিদলে ভিক্টোরিয়া ব্রডেরিকই একমাত্র ডেমোক্র্যাট সদস্য হলেন। সুপ্রিম কোর্টের এক রায়ে ১৯৬৫ সালের ভোটাধিকার আইন দুর্বল হয়ে পড়ার পর রিপাবলিকানরা মেমফিস অন্তর্ভুক্ত থাকা একটি নির্ভরযোগ্য ডেমোক্র্যাট আসনসহ রাজ্যের প্রতিনিধি পরিষদের ৯টি আসনের সব কটি দখলে রাখতে নতুন করে নির্বাচনী মানচিত্র সাজিয়েছিল।
আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার আগেই ১৬ নভেম্বর এক বিবৃতিতে স্কট ডেসজার্লাইস জানান, তিনি ভিক্টোরিয়ার কাছে পরাজয় মেনে নিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা সবাই আশা করি, নতুন কংগ্রেস সদস্য এই বিশাল দায়িত্বের প্রতি ঠিক সেই পরিমাণ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অনুভব করবেন, যেমনটি আমি সেবা করার সুযোগ পাওয়া প্রতিটি দিনে অনুভব করেছি।’
৩৪ বছর বয়সী ভিক্টোরিয়া ব্রডেরিক ফ্লোরিডার ব্র্যান্ডনে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে তাঁর পরিবার টেনেসিতে চলে আসার আগে সান আন্তোনিও, আটলান্টাসহ দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় বসবাস করেছে বলে তিনি এক সাক্ষাৎকারে জানান।
ভিক্টোরিয়া বলেন, হাইস্কুলে পড়ার সময় থেকেই তিনি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২১ সালে তাঁর গর্ভপাতের (মিসক্যারেজ) অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক সক্রিয়তাকে আরও গভীর করতে সাহায্য করে।
ভিক্টোরিয়া বলেন, তাঁর জন্মনিরোধক যন্ত্র (আইইউডি) কাজ না করায় তিনি জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। তাঁকে তখন চিকিৎসাসেবা ব্যবস্থার জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। পরবর্তী সময় তাঁর গর্ভপাত করানো হয়। সেই ঘটনাকে তিনি গর্ভাবস্থার শারীরিক চ্যালেঞ্জগুলো সম্পর্কে একটি শিক্ষা হিসেবে বর্ণনা করেছেন।
সে সময়ের ভাবনার কথা স্মরণ করে নবনির্বাচিত ভিক্টোরিয়া বলেন, ‘আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না। আমাকে আরও বেশি কিছু করতে হবে।’
ভিক্টোরিয়া টিকটকে রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি লিঙ্কন কাউন্টির ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হন। ২০২৪ সালে তিনি কংগ্রেসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাম্প্রতিক নির্বাচনী প্রচারজুড়ে ভিক্টোরিয়া গর্ভপাতের অধিকারের পাশাপাশি ‘সবার জন্য মেডিকেয়ার’–এর (সরকারি অর্থায়নে সর্বজনীন স্বাস্থ্যবিমা প্রস্তাব) মতো প্রগতিশীল নীতিগুলোর প্রতি তাঁর সমর্থনের কথা জানিয়েছেন। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় সাধ্যের মধ্যে রাখা এবং বৈষম্য কমানোর ওপর গুরুত্ব দেওয়া তাঁর এই প্রচার মূলত সেবা খাতে কাজ করার অভিজ্ঞতা থেকেই অনুপ্রাণিত।
ডেমোক্র্যাট এই বিজয়ী প্রার্থী বলেন, ‘আমার কাছে এটি ডানপন্থী বা বামপন্থীদের লড়াই ছিল না। এটি ছিল সাধারণ মানুষের সঙ্গে শীর্ষস্থানীয় ক্ষমতাধরদের লড়াই।’
ভিক্টোরিয়া ১ শতাংশের কম ব্যবধানে, মাত্র ২৭০ ভোটে স্কট ডেসজার্লাইসকে পরাজিত করেছেন।
নির্বাচনের পরদিন ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিক্টোরিয়া লিখেছেন, ‘আমাদের পেছনে কোনো বড় রাজনৈতিক যন্ত্র ছিল না। আমাদের করপোরেট পিএসির অর্থ ছিল না, কোনো প্রভাবশালী ভেতরের লোকও ছিল না। আমাদের ছিলেন কেবল আপনারা, জনগণ।’
ভিক্টোরিয়া ব্রডেরিক বলেন, সেদিন তিনি তাঁর বসকে বলেছিলেন, তাঁর সেদিনের ছুটি প্রয়োজন। কারণ, তিনি হয়তো কংগ্রেসে নির্বাচিত হয়ে গেছেন। পরদিন এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এই জয় এই সত্যেরই প্রমাণ করছে, ঠিক আপনাদের মতো শ্রমজীবী মানুষেরাই আজ ও ভবিষ্যতের পরিকল্পনা নির্ধারণ করার অধিকার রাখেন।’