যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর মিডলটাউনে এখন অস্বাভাবিক এক প্রস্তুতি চলছে। কেউ বাড়ির দরজা-জানালার ফাঁক টেপ দিয়ে বন্ধ করছেন। কেউ বাইরের আসবাবপত্র সরিয়ে ঘরের ভেতরে রাখছেন। কেউ আবার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ জায়গায় তুলে রাখছেন। সন্তানদের নিয়ে শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনাও করছেন অনেকে।
কারণ, আতঙ্কিত এ বাসিন্দাদের বাড়ির কাছেই আজ বুধবার স্থানীয় সময় সকালে (বাংলাদেশ সময় রাতে) বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে জমে থাকা প্রায় ৫ টন বিপজ্জনক বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।