ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার দেশটির মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে দুর্বল করে দিয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত সোমবার প্রকাশিত ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে সংস্থাটি এ কথা বলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পরিচালিত সরকার সংসদীয় প্রক্রিয়া ক্ষুণ্ন করছে, বিরোধী দলগুলোকে দমন করছে এবং রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এ ছাড়া নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী বিচার বিভাগীয় ব্যবস্থা ও মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক সংস্থাগুলোকে অকার্যকর করার পাশাপাশি বিচার বিভাগেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।