বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির রাডারব্যবস্থায় গত শনিবার রাতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। উপসাগরীয় অঞ্চলে গত এক সপ্তাহে হামলা জোরদারের ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে। এ সময়ে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারেও হামলা হয়েছে। ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ড্রোনও।
গত সাত দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। কিন্তু যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।