যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন। আগামী কয়েক সপ্তাহ তাঁকে বিশেষ জুতা বা মেডিক্যাল বুট পরে থাকতে হবে।
গতকাল শুক্রবার মামদানি নিজেই এ কথা জানিয়েছেন। এর আগের রাতে সিটি হলের সাংবাদিকদের একটি দলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সেখানেই চোট পান।
৩৫ বছর বয়সী মামদানি শুক্রবার ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে আসেন। এ সময় এক সাংবাদিক তাঁর চোটের বিষয়ে জানতে চাইলে তিনি আগের রাতের ফুটবল ম্যাচের কথা জানান।