ভ্যান্সের ওপর কেন ক্ষুব্ধ হয়ে উঠছেন ট্রাম্প, প্রেসিডেন্ট পদে তাঁর প্রার্থিতার কী হবে
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের কারণ হিসেবে ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর ওই বক্তব্যে প্রথমে তেমন আপত্তি না জানালেও এখন ভ্যান্সের বক্তব্যের ধরন নিয়ে অসন্তোষ প্
লেখক নিউইয়র্ক টাইমস··58K বার পড়া
ভ্যান্সের ওপর কেন ক্ষুব্ধ হয়ে উঠছেন ট্রাম্প, প্রেসিডেন্ট পদে তাঁর প্রার্থিতার কী হবে
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের কারণ হিসেবে ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর ওই বক্তব্যে প্রথমে তেমন আপত্তি না জানালেও এখন ভ্যান্সের বক্তব্যের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, ভ্যান্সের বলা উচিত ছিল, ইরানে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত সঠিক ছিল।
আবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করছেন ট্রাম্প। তাঁকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও বিবেচনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন।
ভ্যান্স নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে রিপাবলিকানদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করেন। সেখানে তিনি বলেন, ‘আমরা হেরেছি যুদ্ধের কারণে।’ নির্বাচনের আগে প্রশাসনের প্রচার–প্রচারণা ও বক্তব্য নিয়েও সমালোচনা করেন তিনি। ভ্যান্সের ওই পোস্টের পর সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘আমার মনে হয়, কথাগুলো বেশির ভাগই সত্য।’
তবে গত দুই সপ্তাহে ভ্যান্সের বক্তব্য নিয়ে ট্রাম্পের অসন্তোষ বেড়েছে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে বলেছেন, সহযোগী ও ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে ট্রাম্প অভিযোগ করেছেন, ভ্যান্সের বলা উচিত ছিল, ইরানে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত সঠিক ছিল।
চলতি মাসের শুরুতে প্রকাশ্যে ভ্যান্সের প্রতি বিরক্তিও প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে ভ্যান্সের আরেকটি কথা যোগ করা উচিত ছিল, তা হলো ‘আবার সুযোগ পেলে কি আপনি একই সিদ্ধান্ত নিতেন? আমার উত্তর হলো, হ্যাঁ।’
ট্রাম্পকে বিভিন্ন ব্যক্তিগত আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করতে দেখা গেছে। রুবিও একজন শক্তিশালী প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানান, ইরানে হামলার সিদ্ধান্তকে বারবার সমর্থন জানানোয় রুবিও প্রেসিডেন্টের প্রশংসা পাচ্ছেন।
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন ভ্যান্স। রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে ট্রাম্পের সমর্থন তাঁর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে রুবিওর প্রশংসা করে ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন, উত্তরসূরি হিসেবে কাকে বিবেচনা করবেন।
ইরান যুদ্ধ ও ভোটারদের মধ্যে যুদ্ধের অজনপ্রিয়তাও তাঁর সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে। ভ্যান্সের কয়েকজন ঘনিষ্ঠ মনে করেন, ট্রাম্প ইরানে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে ২০২৮ সালে ভ্যান্সের প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ভ্যান্সের দপ্তরও মন্তব্য করেনি। তবে সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে ভ্যান্সের দেওয়া বক্তব্যের দিকে নজর দিতে বলেছে তাঁর দপ্তর।
চলতি সপ্তাহে ফক্স নিউজের পক্ষ থেকে জেডি ভ্যান্সকে প্রশ্ন করা হয়, নির্বাচন–পরবর্তী তাঁর ওই পোস্ট নিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো মতবিরোধ আছে কি না। জবাবে ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট বা প্রশাসনের অন্য কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আমার কোনো মতবিরোধ নেই।’
গত বুধবার নিউইয়র্ক টাইমসের ডিলবুক সম্মেলনে ভ্যান্সের অংশ নেওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয় মোকাবিলায় ওয়াশিংটনে বৈঠক করার কথা জানিয়ে তিনি সেখানে যাননি।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর অনেক রিপাবলিকানই ধরে নিয়েছিলেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন ভ্যান্স।
তবে ট্রাম্প তাঁর ভাইস প্রেসিডেন্টকে নিয়ে প্রকাশ্যে ও ব্যক্তিগত আলোচনায় বিভিন্ন সময়ে ভিন্ন অবস্থান নিয়েছেন। ভ্যান্সও বলেছেন, তিনি এখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেননি।
ফক্স নিউজকে ভ্যান্স বলেন, ‘আমি এখনো সিদ্ধান্ত নিইনি। আগামী বছর কোনো এক সময় এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
ভ্যান্সের ঘনিষ্ঠ ব্যক্তিদের মতে, তিনি সত্যিই প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। গত জুলাইয়ে তাঁর চতুর্থ সন্তানের জন্ম হয়েছে। এ বিষয়টিও সিদ্ধান্তহীনতার পেছনে ভূমিকা রাখছে। রাজনৈতিক বিশ্লেষণ ও নির্বাচনী তথ্যগুলো বেশ মনোযোগ দিয়েই দেখেন ভ্যান্স। জয়ের সম্ভাবনা না দেখলে তিনি নির্বাচনে না–ও দাঁড়াতে পারেন।
ইরান যুদ্ধ ও ভোটারদের মধ্যে যুদ্ধের অজনপ্রিয়তাও ভ্যান্সের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে। ভ্যান্সের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি মনে করেন, ট্রাম্প ইরানে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে ২০২৮ সালে ভ্যান্সের প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
২০২৩ সালে ট্রাম্পকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছিলেন ভ্যান্স। সে সময় তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে তিনি নতুন কোনো যুদ্ধে জড়াবেন না। যুদ্ধ শুরুর পর প্রশাসনের ভেতরে ব্যক্তিগতভাবে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।
তবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরেন ভ্যান্স। নির্বাচনের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘আমরা হেরেছি যুদ্ধের কারণে।’
ট্রাম্পও একই কথা বলেছেন বলে ওই পোস্টে উল্লেখ করেন ভ্যান্স। তবে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ট্রাম্প একাধিক কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে নির্বাচনে তাঁর প্রার্থী না হওয়াকে প্রধান কারণ বলেছেন।
অনেকে মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতি থেকে নিজেকে কিছুটা আলাদা করার চেষ্টা করেছেন ভ্যান্স। প্রেসিডেন্টের সমালোচনা না করেই নিজের অবস্থান তুলে ধরতে চেয়েছেন তিনি। কিন্তু এরপরই ট্রাম্প তাঁকে ইরানের সঙ্গে মধ্যস্থতার দায়িত্ব থেকে সরিয়ে নেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নির্বাচনী জালিয়াতির অভিযোগ তদন্তে ভ্যান্সকে মনোযোগ দিতে হবে।
ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে কাজ করেছেন অ্যালিসা ফারাহ গ্রিফিন। এখন তিনি এবিসি নেটওয়ার্কের জনপ্রিয় টক শো ‘দ্য ভিউ’–এর সহসঞ্চালক। তিনি বলেন, ‘ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হলে যে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়, জেডি ভ্যান্সও এখন সেই অবস্থায় আছেন। প্রেসিডেন্টের অবস্থান থেকে নিজেকে আলাদা করার সুযোগ তাঁর নেই।’
ভ্যান্স বলেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো মতপার্থক্য নেই। ভ্যান্সের এই বক্তব্যকে এখন তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও নির্বাচনী প্রচারে তা ব্যবহার করা হবে বলে মনে করেন গ্রিফিন।
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন ভ্যান্স। রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে ট্রাম্পের সমর্থন তাঁর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
ভ্যান্সের ঘনিষ্ঠ ব্যক্তিরা মনে করেন, রিপাবলিকান পার্টির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন দেওয়ার বদলে প্রতিযোগিতার মধ্য দিয়ে বেছে নেওয়া উচিত। এ ক্ষেত্রে ২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়ের উদাহরণ দেন তাঁরা। বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর দ্রুত হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তখন দলের একাংশ আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের দাবি জানিয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভ্যান্সও কমলা হ্যারিসের মতো বেকায়দায় পড়তে পারেন। বাইডেন ইসরায়েল–হামাস যুদ্ধের বিষয়টি যেভাবে সামাল দিচ্ছিলেন, তা নিয়ে ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন কমলা হ্যারিস। কিন্তু নিজেকে তখনকার অজনপ্রিয় প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে আলাদা হিসেবে উপস্থাপন করা তাঁর পক্ষে সম্ভব হয়নি।
কমলা হ্যারিসের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক রব ফ্ল্যাহার্টি বলেন, ‘জেডি ভ্যান্সের প্রতি সহানুভূতি দেখানো কঠিন। কারণ, তিনি নিজেই এই পরিস্থিতি তৈরি করেছেন। তবে তাঁর অবস্থাটাও বুঝতে হবে, তিনি আটকে গেছেন। ভাইস প্রেসিডেন্ট হলে আপনাকে একটি নির্দিষ্ট ছকে আটকে যেতে হয়। কমলা হ্যারিসও এমন পরিস্থিতিতে নিজেকে আলাদা করতে পারেননি।’
রিপাবলিকান পার্টিকে ভবিষ্যতে কোন পথে নিয়ে যাবেন, ভ্যান্সকে এখন সেই জটিল হিসাব মেলাতে হবে। একসময়ের ঘোর ‘ট্রাম্পবিরোধী’ থেকে ট্রাম্পেরই ভাইস প্রেসিডেন্ট হয়ে ওঠার যাত্রা ইঙ্গিত দেয়, ভবিষ্যতে তাঁর রাজনীতি যেকোনো দিকেই মোড় নিতে পারে।
২০১৬ সালে ভ্যান্স ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। তখন তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের অযোগ্য বলেছিলেন। পরে ট্রাম্পের সমর্থক হন এবং ২০২২ সালে ওহাইও থেকে সিনেট নির্বাচনে তাঁর সমর্থন চান। ট্রাম্প তাঁকে সমর্থন দেন এবং ভ্যান্স নির্বাচনে জয়ী হন।
২০১৬ সালে ভ্যান্স ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। তখন তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের অযোগ্য বলেছিলেন। পরে ট্রাম্পের সমর্থক হন এবং ২০২২ সালে ওহাইও থেকে সিনেট নির্বাচনে তাঁর সমর্থন চান। ট্রাম্প তাঁকে সমর্থন দেন এবং ভ্যান্স নির্বাচনে জয়ী হন।
অনেক রিপাবলিকানের মতে, দলের প্রাইমারি বা প্রাথমিক বাছাইপর্বে জিততে হলে ভ্যান্সের ট্রাম্পের প্রকাশ্য কিংবা পরোক্ষ সমর্থন প্রয়োজন হবে। তবে সেই সমর্থন এখনো নিশ্চিত নয়। কারণ, ট্রাম্প নিজের সহযোগীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করতে পছন্দ করেন। তাঁর উপদেষ্টারা জানিয়েছেন, এখনই নিজের কোনো উত্তরসূরি হিসেবে কাউকে সমর্থন দেওয়ার তাড়া নেই প্রেসিডেন্টের।
ট্রাম্পের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে রিপাবলিকানদের ভেতরে নতুন হিসাব–নিকাশ শুরু হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় জয় পাওয়ায় রিপাবলিকান শিবিরে বড় বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থায় টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিসও সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সামনে আসছেন।
অন্যদিকে সম্ভাব্য আরেক প্রার্থী মার্কো রুবিও প্রকাশ্যে ভ্যান্সকে সমর্থনের কথা জানালেও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের মতে, ট্রাম্পের উৎসাহ পেলে তিনিও প্রার্থী হতে পারেন। ট্রাম্পও প্রকাশ্যে রুবিওর ভূয়সী প্রশংসা করছেন।
গত মঙ্গলবার ম্যানিলায় আসিয়ান সম্মেলনে রুবিওকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন ট্রাম্প। বিদেশ সফরে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি ইরান যুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নিয়েও রুবিও ট্রাম্পের মন জয় করেছেন। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে রুবিও বলেন, জনপ্রিয় না হলেও দেশের দীর্ঘমেয়াদি স্বার্থে ইরানে হামলার অনুমতি দিয়ে ট্রাম্প প্রশংসা পাওয়ার মতো কাজ করেছেন।
রুবিও ও ভ্যান্সের এই ভিন্ন অবস্থান রিপাবলিকান পার্টির ভেতরে নতুন বিতর্ক উসকে দিয়েছে। আর তা হলো, ট্রাম্পের উত্তরসূরিকে কি তাঁর রাজনৈতিক ধারা পুরোপুরি ধরে রাখতে হবে? এ বিষয়ে নিউজার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে থাকা কেউ ২০২৮ সালের নির্বাচনে জিততে পারবেন না। কারণ, তাঁদের জয় মানেই আরও চার বছরের ট্রাম্প শাসন, যা মার্কিন জনগণ মেনে নেবে না।