World
পাকিস্তানের আকাশ বন্ধ, চীনের আকাশ ব্যবহারে ভারতের আগ্রহ
প্রায় দেড় বছর হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার নিয়ে ভারত সে দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
লেখক প্রতিনিধি81K বার পড়া

প্রায় দেড় বছর হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার নিয়ে ভারত সে দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে। ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
রাম মোহন নাইডু বলেছেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা কী হয়।’ ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগাম হামলার দুই দিন পর ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যায়। ছয় দিন পর ভারতও তার আকাশসীমা পাকিস্তানের জন্য বন্ধ করে দেয়। সেই থেকে ভারতীয় উড়োজাহাজগুলোর ঘুরপথে ইউরোপে যেতে-আসতে হচ্ছে। এ কারণে সময় যেমন বেশি লাগছে, তেলখরচও তেমন প্রচুর বেড়ে গেছে।



