আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিগগিরই তা ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে অবগত দুটি সূত্র রোববার এ তথ্য জানিয়েছে। এ পদক্ষেপ বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচারকারী আন্তর্জাতিক ট্রাইব্যুনালটির ওপর যুক্তরাষ্ট্রের আক্রমণ আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছে।
আইসিসির প্রতি নিজেদের ক্ষোভের কথা কখনো গোপন করেনি ট্রাম্প প্রশাসন এবং আদালতের কার্যক্রম ব্যাহত করতে তারা আগেও কাজ করেছে। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং আফগানিস্তানে মার্কিন সেনাসদস্যদের বিরুদ্ধে অতীতের তদন্ত বাতিল করার দাবি জানিয়ে আসছেন মার্কিন কর্মকর্তারা।