বীরেন্দর শেবাগের বড় ছেলে আর্যবীর শেবাগের কথা এখন অনেকেরই জানা। বয়সভিত্তিক ক্রিকেটে এখন তিনি ভারতীয় দলের নিয়মিত মুখ। এবার ভারতের সাবেক এই তারকা ব্যাটসম্যানের আরেক ছেলেও বেদান্ত শেবাগও নিজের আগমনী গান শুনিয়েছেন।
আজ বীরেন্দর শেবাগের ছোট ছেলে বেদান্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ৭ উইকেট নিয়েছেন। দিল্লির হয়ে বিসিসিআই কুচবিহার ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে প্রথম ইনিংসে এই কীর্তি গড়েছেন ১৬ বছর বয়সী অফ স্পিনার বেদান্ত। চার দিনের ম্যাচটিতে দিল্লি অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক তাঁরই বড় ভাই আর্যবীর।
পাঞ্জাবের বিপক্ষে ২২.৩ ওভার বোলিং করে ৮৮ রানে ৭ উইকেট নিয়েছেন বেদান্ত। তাঁর বোলিংয়ে প্রথম ইনিংসে ৫৫.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয়েছে পাঞ্জাব।