‘মোটরসাইকেল চালানো বন্ধুকে বললাম, মাথাটা নিচু করো। আমি ক্যাচটি নেব।’
কথাগুলো মেহরান খানের। চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে বল ক্যাচ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটপ্রেমী।
মিনগোরায় সোয়াত প্রিমিয়ার লিগের ম্যাচ চলার সময় মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন মেহরান। হঠাৎ এক ছক্কায় বল উড়ে মাঠের বাইরে চলে যায়। বলটি যেদিক দিয়ে যাচ্ছিল, সেখানে ঠিক তখনই বাইকের পেছনে আরোহী মেহরান এক হাতে দারুণ ক্যাচ লুফে নেন।