২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্পেনের ফুটবল কর্তাদের ধারণা ছিল, ফাইনালটা হবে তাঁদের দেশেই। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল ঐতিহ্য আছে, আছে বিপুলসংখ্যক পর্যটক সামলানোর অভিজ্ঞতাও। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আসা দেশ হিসেবে বড় একটি ফুটবল আসর আয়োজনের সক্ষমতা নিয়েও তাদের সংশয় ছিল না। তাই বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে, এমনটাই ধরে নিয়েছিলেন তাঁরা।
সহ-আয়োজক পর্তুগালের ফাইনাল আয়োজন নিয়ে আগ্রহ ছিল না। আর যৌথ আয়োজক হওয়ার দৌড়ে শেষ দিকে যুক্ত হওয়া মরক্কোও এ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করবে না বলে ভেবেছিলেন স্পেনের কর্মকর্তারা। কিন্তু সেই ধারণা এখন বদলে গেছে। উত্তর আফ্রিকার দেশটি ফুটবলে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। স্পেনের ভয়, ২০৩০ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি তাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারে মরক্কো।