ক্রিকেট মাঠে ম্যাচ শেষে হাত মেলানোটা নিছক সৌজন্য নয়। প্রতিপক্ষকে সম্মান জানানোরও একটি রীতি। জয়-পরাজয়ের হিসাব মাঠেই রেখে দুই দলের খেলোয়াড়েরা যখন হাত মেলান, তখন ক্রিকেটের চেতনাটাও যেন একটু বেশি দৃশ্যমান হয়। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে সেই দৃশ্য এখন অতীত।
গত রোববার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে আবারও দেখা গেল সেই ছবি। পাকিস্তান ‘এ’ দলের কাছে হেরে মাঠ ছাড়ছিল ভারত ‘এ’ দল। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত মেলানোর কোনো আগ্রহ দেখা যায়নি। বরং তাঁদের শারীরিক ভাষায় ছিল একধরনের নির্লিপ্ততা।