কয়েনটা মাটিতে পড়েছে। ম্যাচ রেফারি ঘোষণা করেছেন, টেইল। কিন্তু পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ মানতে নারাজ। তাঁর দাবি, কয়েনের ওপরের দিকটা হেড। দুই অধিনায়ক ঝুঁকে পড়লেন কয়েন দেখতে। দেখা গেল, সামাদের কথাই ঠিক। কয়েন ছিল হেড, ভুল ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ।
দোহায় রোববার এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ম্যাচের শুরুটা ছিল এমন নাটকীয়। টসের বিভ্রান্তি অবশ্য দ্রুতই কেটে গেছে। কিন্তু দুই দলের সম্পর্কের বরফ গলেনি। টসের পর হাত মেলাননি দুই অধিনায়ক। ম্যাচ শেষেও একই দৃশ্য। ক্রিকেট আবারও দেখল ‘নো হ্যান্ডশেক’।