একটি দলের বেতন বাজেট দিয়ে আরেকটি দলের সঙ্গে তুলনা করা যায়। কিন্তু একজন ফুটবলারের বেতন দিয়ে যদি পুরো একটি ক্লাবের খেলোয়াড়দের বেতন মেটানো যায়! অবিশ্বাস্য মনে হলেও মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির ক্ষেত্রে সেটিই সত্যি।
যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির রাজত্ব শুধু মাঠের পারফরম্যান্সে নয়, বেতনের অঙ্কেও। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) প্রকাশ করেছে ২০২৬ সালে খেলোয়াড়দের বেতনের সর্বশেষ হালনাগাদ তালিকা। সেখানে দেখা যাচ্ছে, বছরে নিশ্চিত পারিশ্রমিক হিসেবে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা পাচ্ছেন ২ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার, যা এমএলএসে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি।