স্যান্ডপেপার ইস্যুতে অস্ট্রেলিয়ার ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না। এর মধ্যেই মেলবোর্নে নতুন আশার গল্প লিখলেন দুই তরুণ নিখিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৩৮ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন চৌধুরী।
শেষ দিকে ১১ বলে অপরাজিত ২৫ রানে জয় নিশ্চিত করেন এডওয়ার্ডস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ১ বল হাতে রেখে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করেছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটের জয়ে ৫ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১–০ ব্যবধানে।
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান। বল হাতে স্যাম কারেন। প্রথম বলেই ছক্কা মেরে সমীকরণ সহজ করে দেন এডওয়ার্ডস। কারেনও আর কোনো অঘটন ঘটাতে পারেননি।