ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব প্রায়ই পড়ে খেলার মাঠে। ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে কম আলোচনা হয়নি। তবে ফুটবলে সেই বৈরিতা টেনে আনতে চান না ভারত ও পাকিস্তানের কোচ-অধিনায়কেরা। মাঠে লড়াই হবে ঠিকই, কিন্তু ম্যাচ শেষে হাত মেলাতে আপত্তি নেই কারও। প্রয়োজনে হবে কোলাকুলিও!
আগামীকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। আটবারের চ্যাম্পিয়ন ভারত এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এসেছে। অন্যদিকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জয়ের আশায় পাকিস্তান।