ব্যাটসম্যানদের মনে ভয় ধরাত তাঁর গতি। বল হাতে শোয়েব আখতারকে দেখে আতঙ্কিত হতেন প্রতিপক্ষের অনেক ব্যাটসম্যানই। অথচ ব্রায়ান লারাকে একটি বাউন্সারে আঘাত করার পর নিজেই ভয়ে কাঁপছিলেন শোয়েব। তাঁর মনে হয়েছিল, লারাকে মেরেই ফেলেছেন!
ঘটনাটি ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের। সাউদাম্পটনের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৩১ রান করেছিল পাকিস্তান। ফাইনালে উঠতে হলে এই পুঁজি নিয়েই লড়তে হতো। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে শোয়েব আখতারের একটি বলে চার মেরেছিলেন ব্রায়ান লারা।