দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণেই যা একটু অনিশ্চয়তা। সেটি যদি এবার দূর হয়ে যায়, তবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে তিন ওয়ানডে ও তিন টি–টুয়েন্টির অপেক্ষমাণ সিরিজটি খেলতে বাংলাদেশে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে জানুয়ারি মাসের প্রথম ভাগে সিরিজ খেলার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে বলে বিসিবির একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই প্রতিবেদককে বলেন, ‘আমরা একটা উইন্ডো (সময়) নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে।’ সিরিজটি কবে হতে পারে, জানতে চাইলে তামিম এখনই তা বলতে রাজি হননি।