একটা ইনিংস শুধু ম্যাচ জেতায় না, একজন ক্রিকেটারের পরিচয়ও নতুন করে লিখে দেয়। নিউ চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে শাই হোপের ১৬২ রানের ইনিংস ঠিক তেমনই। ১৪৩ বলের  ইনিংসে যেভাবে ম্যাচটাকে বের করে এনেছেন, তা নিঃসন্দেহে অসাধারণ। অনেকেই তাই হোপের ইনিংসটাকে তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংসও বলছেন।
কাল তৃতীয় ওয়ানডেতে ভারতের সংগ্রহ এমনিতেই বড় ছিল—৩৫১। এই রানের জবাবে ওপেনিংয়ে নামা হোপ একেবারে ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন। তা–ও চোট নিয়ে। কুঁচকিতে ব্যথার কারণে অনেক রান খুঁড়িয়েও নিয়েছেন। ইনিংসটাও গড়েছেন নানাভাবে। এই যেমন ২৭ থেকে ৪১ ওভারের মধ্যে একটি বাউন্ডারিও মারেননি হোপ।