লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে যুক্ত হলো নতুন ও অনন্য এক অধ্যায়। বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদ গতকাল বুধবার কিংবদন্তিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি (ডক্টর হোনরিস কউসা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলবেন মেসি। সেদিন ম্যাচের আগে তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে।
বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ে (ইউবিএ) উচ্চ পর্ষদের উত্থাপিত ও সর্বসম্মতিক্রমে গৃহীত এ প্রস্তাবের সূচনায় বলা হয়, ‘তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার উৎকর্ষ, অধ্যবসায়, বিনয়, কাজের ক্ষেত্রে শৈল্পিক ও নৈতিক আচরণ এবং একই সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতিনিধিত্ব করার প্রতি তাঁর অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত—যে মূল্যবোধগুলো এই বিশ্ববিদ্যালয় তার ইতিহাসজুড়ে সব সময় লালন ও প্রচার করে আসছে।’