শরতের সকাল থেকেই ভ্যাপসা গরম। এর মধ্যেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর। সারিতে দাঁড়িয়ে কেউ নিচ্ছে ক্রেস্ট ও উপহার। কেউ ছবি তুলছে, কেউবা ভিড় জমিয়েছে গেম জোনে। এভাবে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ে শুরু হয়েছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’।
সকাল ১০টার দিকে বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল মঞ্চের আয়োজন।
অনুষ্ঠানে যোগ দিতে এসেছে কৃতী শিক্ষার্থী শাহরিয়া ফেরদৌস (লিসা)। সে জেলার নতুনহাট সফিউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। এবার রংপুরের বেগম রোকেয়া কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে। শাহরিয়া বলে, ‘এখানে আসব বলে কাল থেকেই মনের মধ্যে অস্থিরতা কাজ করছিল। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে।’