মৃত এসব প্রাণীর কোনোটির শরীরে জখমের চিহ্ন পাওয়া যাচ্ছে। আবার কোনোটির মুখে বা শরীরে জড়িয়ে ছিল মাছ ধরার জাল।
তিমি ও ডলফিনের মতো স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ না থাকায় একের পর এক মারা পড়ছে। মৃত ডলফিন ও তিমি ভেসে আসছে উপকূলে ও নদীর তীরে। সর্বশেষ গত রোববার একটি মৃত শুশুক বরগুনার বিষখালী নদীতে এবং ৯ সেপ্টেম্বর ৩০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি ভেসে আসে বরগুনার আন্ধারমানিক নদীর তীরে।
মৃত এসব প্রাণীর কোনোটির শরীরে জখমের চিহ্ন পাওয়া যাচ্ছে। আবার কোনোটির মুখে বা শরীরে জড়িয়ে ছিল মাছ ধরার জাল।
ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, সর্বশেষ পাওয়া মৃত তিমিটি বেলিন প্রজাতির। এরা পানি ছেঁকে ক্রিল (খোলসযুক্ত জলজ প্রাণী) ও প্ল্যাঙ্কটন (বিভিন্ন ধরনের জীবের সমষ্টি) খায়। দক্ষিণ উপকূলে একের পর এক তিমির মৃতদেহ ভেসে আসা সামুদ্রিক প্রতিবেশের জন্য উদ্বেগজনক। মৃত্যুর কারণ জানতে বৈজ্ঞানিক পরীক্ষা জরুরি।