মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব মো. মোখতার আহমেদ। তিনি বলেন, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার। কোন প্রক্রিয়ায় দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে, তার প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন। এটি নিশ্চিত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আজ বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ কথা বলেন সচিব মোখতার আহমেদ। এর আগে তাঁর কাছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয় নিয়ে একটি স্মারকলিপি জমা দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সদস্যরা। এ সময় বায়রার সাবেক প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর বিষয়ে তাঁদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন।