একটি ঘরের সামনে দাঁড়িয়ে বাসিন্দাদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে আছেন এক যুবক। তাঁর পাশে আরও কয়েকজন যুবক। তাঁদের কেউ লাঠি হাতে কাউকে মারধর করছেন, কেউ আবার ইট ছুড়ছেন ঘরটির দিকে। অস্ত্র তাক করে রাখা ব্যক্তির উদ্দেশে একজন চিৎকার করে কিছুক্ষণ পরপর বলছেন, ‘গুলি কর, গুলি কর।’ এ সময় ঘরটির ভেতরে আর্তনাদ করছেন কয়েকজন নারী।
এমন ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের লাকুড়িয়াকান্দি পাটোয়ারী বাড়িতে ঘটনাটি ঘটেছে।