সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে আজহারুল ইসলাম (৩৭) নামের এক মুদিদোকানি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর আট বছরের ছেলে, ১১ বছরের মেয়ে ও ৬০ বছর বয়সী মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল সোমবার উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। আজহারুল ইসলাম ওই গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। বড়দল বাজারে তাঁর মুদিদোকান ছিল।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে বড়দল বাজার থেকে পটকা মাছ কিনে আজহারুল বাড়িতে নিয়ে যান। মাছ খাওয়ার পরপরই আজহারুল ইসলাম ও তাঁর আট বছরের ছেলে রামিম অসুস্থ হয়ে পড়েন। তাঁদের বমি হয়। পরে আজহারুলের ১১ বছরের মেয়ে স্বর্ণালী ও তাঁর মা রাশিদাও অসুস্থ হয়ে পড়েন। আজহারুলের স্ত্রী ওই মাছ খাননি।