শিক্ষার্থীদের আবাসনসংকট কমবে। শাটল ট্রেন ও ক্যাম্পাসের পরিবহনব্যবস্থা উন্নত হবে। আধুনিক হবে চিকিৎসাকেন্দ্র। ক্যাম্পাস হবে নিরাপদ ও নারীবান্ধব। এক বছর আগে চাকসু নির্বাচনে ভোট চাইতে গিয়ে এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীরা। দীর্ঘ ৩৫ বছর পর ছাত্র সংসদ ফিরে আসায় শিক্ষার্থীদের প্রত্যাশাও ছিল বড়। কিন্তু এক বছর শেষে দেখা যাচ্ছে, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত মূল প্রতিশ্রুতিগুলোর বড় অংশই এখনো অধরা রয়ে গেছে।
গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগে এমন ৩৩ দফা ইশতেহার দিয়েছিল ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। নির্বাচিত হলে ১২ মাসে এসব সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা বলেছিল প্যানেলটি। নির্বাচনে ২৬ পদের ২৪টিতেই জয় পান এই প্যানেলের প্রার্থীরা। কিন্তু তাঁদের মেয়াদের এক বছর পূর্ণ হতে চললেও বড় প্রতিশ্রুতিগুলোর বেশির ভাগই এখনো কাগজে রয়ে গেছে।