কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ঘাটে নোঙর করেছে এফভি কুলসুমা নামের মাছ ধরার ট্রলার। গতকাল সোমবার সকাল আটটার দিকে দীর্ঘ সাত দিন সাগরে কাটিয়ে ফিরে আসে ট্রলারটি। কিছুক্ষণ পর জেলেরা ব্যস্ত হয়ে পড়েন মাছ বের করার কাজে। ইলিশ, পোপা, মাইট্যা, রুপচাঁদাসহ বিভিন্ন সামুদ্রিক মাছ ট্রলারের ডেকে রাখা হচ্ছিল। তারপর ঝুড়িতে ভরে সেই মাছ নেওয়া হচ্ছিল পাশের ফিশারিঘাটের পাইকারি মৎস্য অবতরণকেন্দ্রে।
ফিশারিঘাটে আনার পর কয়েকজন ব্যবসায়ী ট্রলারের ২ হাজার ২০০ ইলিশ কিনে নেন ২৬ লাখ ৪০ হাজার টাকায়। প্রতিটি ইলিশের ওজন ৭০০ থেকে ৯০০ গ্রাম। বিক্রির পর পর সেই ইলিশ বরফমিশ্রিত কার্টনে ভরে ট্রাকে বোঝাই করেন শ্রমিকেরা। দুপুরে ঢাকার পথে রওনা দেয় ট্রাকটি।