রাজধানীর পৃথক স্থান থেকে আজ সোমবার এক নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
সকালে যাত্রাবাড়ীর শনির আখড়া ইউটার্ন এলাকায় আরাফ কার ওয়াশের পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় সেখানে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।