প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের দায়ে সিয়ামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এ সাক্ষ্য নেওয়া হয়।
আজ রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে সর্বশেষ সাক্ষী হিসেবে মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করা হয়। এ সময় সিয়ামের পক্ষে তাঁর আইনজীবী রেজাউল করিম তাঁকে জেরা শেষ করেন। ২৪ সেপ্টেম্বর আসামি সিয়ামের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী রেজাউল করিম।