সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আজ রোববার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা প্রথম আলোকে বলেছেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (সাবেক) মতিউর রহমান। জিয়াউর রহমানকে হত্যার আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা আজ বিকেলে প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল সোমবার আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।