দুই পাশে পাথরের দেয়াল। ভেজা, স্যাঁতসেঁতে। গুমোট অন্ধকারে দেয়ালগুলো যেন চেপে ধরবে দুই পাশ থেকে। অজানা আশঙ্কা, ভয় আর রুদ্ধশ্বাস উত্তেজনার একটা মিশ্র অনুভূতি নিয়ে গুহায় চলতে চলতে এক প্রান্তে আলোর দেখা মিলবে। হলিউডের কোনো রোমাঞ্চকর চলচ্চিত্রের দৃশ্য নয়, বান্দরবানের আলীকদমের ‘আলী সুড়ঙ্গের’ বিবরণ এটি।
আলীকদমের ‘আলী সুড়ঙ্গ’, নামটার মধ্যেই আছে রহস্য। পাহাড়ের গভীর খাদে এই সুড়ঙ্গের সৃষ্টি। ভূতাত্ত্বিকদের মতে, হাজার বছরের পানির প্রবাহ আর বাতাসের ঘর্ষণ এ ধরনের প্রাকৃতিক বিস্ময়ের জন্ম দিয়ে থাকে। সম্ভবত আলী সুড়ঙ্গের জন্মও এমন প্রক্রিয়ায় হয়েছে। তবে দুর্গম এই সুড়ঙ্গে নাম কে আলী সুড়ঙ্গ রাখল? কীভাবে এর নামকরণ হলো, এর কিছুই সঠিক জানা যায় না।  গুহার রহস্য এখনো কেউ উদ্‌ঘাটন করতে পারেনি। তবে যেখানে রহস্য, সেখানেই কৌতূহল। এই কৌতূহলের টানেই আলী সুড়ঙ্গ দেখতে পর্যটকের ঢল নামে।