ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বাড়ির আঙিনা, ফুলের টব ও পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ কর্মসূচিতে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন।