ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে ডেকে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ শান্ত বিশ্বাস (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
সরাইল থানার পুলিশ গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বুড্ডা গ্রাম থেকে শান্তকে গ্রেপ্তার করে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহবাজপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার জন্য কুমিল্লার চান্দিনা উপজেলার নৃত্যশিল্পী এক তরুণের (১৯) সঙ্গে মুঠোফোনে শাহবাজপুর গ্রামের রাকিব মিয়া (২২) নামের এক যুবক যোগাযোগ করেন। তিন শিল্পীর সঙ্গে ৯ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন রাকিব মিয়া। ওই তিনজই পেশাদার নৃত্যশিল্পী। তাঁরা দেশের বিভিন্ন স্থানে বিয়েসহ নানা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। মোবাইল ফোনের আর্থিক পরিষেবার মাধ্যমে দুই হাজার টাকা পরিশোধও করেন রাকিব।